
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
প্রায় ১০ বছর ধরে ঘরবন্দি জীবন কাটানো ৭০ বছর বয়সী ঝমেলা বেগমের পাশে দাঁড়িয়েছে শেরপুর জেলা প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে তার অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে সোমবার তার বাড়িতে যান জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
ঝিনাইগাতী উপজেলার দীঘিরপাড় গ্রামের বাসিন্দা ঝমেলা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থতা ও আর্থিক সংকটের কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না। ফলে অনেকটা সময় তাকে ঘরের মধ্যেই কাটাতে হয়েছে।
সোমবার ঝমেলার বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থা ও পারিবারিক পরিস্থিতির খোঁজ নেন জেলা প্রশাসক। একই সঙ্গে তিনি বাড়ির সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় ঝমেলা বেগমের জন্য তাৎক্ষণিকভাবে বয়স্ক ভাতার ব্যবস্থা করা হয়। তাকে দুই বান্ডিল টিন ও একটি হুইলচেয়ার দেওয়া হয়। হুইলচেয়ার পাওয়ার পর দীর্ঘদিন পর ঘরের বাইরে বের হয়ে চলাফেরার সুযোগ পেয়েছেন তিনি।
এ ছাড়া দৈনিক 'প্রতিদিনের সংবাদ'-এর সম্পাদকের পক্ষ থেকে ঝিনাইগাতী উপজেলা ও শেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক জাহিদুল হক মনিরের মাধ্যমে ঝমেলাকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
জেলা প্রশাসক ঝমেলার জন্য নতুন ঘর নির্মাণ, বাড়ির ভিটায় মাটি ভরাট, বিদ্যুৎ সংযোগ এবং এক মাসের শুকনো খাবারের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
এ সময় শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় থাকা ঝমেলা বেগমের বিষয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তাঁর জীবনযাপনে কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানান তারা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.