
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির একটি দল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার ধুপইল (নওদাপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ধুপইল (নওদাপাড়া) এলাকার মৃত এলাহি বক্সের ছেলে মো. হাবিবুর রহমান হাবন (৪৭) এবং একই এলাকার মো. আলম হোসেনের ছেলে মো. ইমন আলী (২৫)।
থানা পুলিশ জানায়, লালপুর থানার এসআই (নিঃ) মোল্লা সোহেল মাহমুদের নেতৃত্বে পুলিশ সদস্যরা মঙ্গলবার রাত ৯টা ৫৫ মিনিটের দিকে ধুপইল (নওদাপাড়া) গ্রামে হাবিবুর রহমান হাবনের বসতঘরের উত্তর পাশের ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করেন। এ সময় ২০০ গ্রাম গাঁজাসহ হাবিবুর রহমান হাবন ও ইমন আলীকে আটক করা হয়।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি-১৯(ক) অনুযায়ী নিয়মিত মামলা করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হাবিবুর রহমান হাবনের বিরুদ্ধে এর আগে লালপুর থানায় একাধিক মামলা রয়েছে। থানার রেকর্ডপত্র যাচাই করে তাঁর বিরুদ্ধে ২০০৭ ও ২০১১ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং ২০১২, ২০১৩ ও ২০২২ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোট সাতটি মামলার তথ্য পাওয়া গেছে।
এর মধ্যে ২০২২ সালের দুটি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি-১৯(ক) উল্লেখ রয়েছে। পুলিশ রেকর্ডে এসব মামলার মধ্যে কয়েকটির চার্জশিট দাখিলের তথ্যও রয়েছে। তবে এসব মামলার বিচারিক অবস্থান ও সর্বশেষ আদালতের সিদ্ধান্ত সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি সূত্রে জানানো হয়েছে, আটক দুজনের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.