
নাটোর প্রতিনিধিঃ
ইসিএসএপি প্রকল্পের সিএসওদের কার্যকর অংশগ্রহণের মাধ্যমে নাগরিক পরিসর সম্প্রসারণে নাটোর জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। লাসটার-এর নির্বাহী পরিচালক লায়লা আরজুমান্দ বানুর সভাপতিত্বে অ্যাসোসিয়েশন ফর রুরাল পিপলস অ্যাডভান্সমেন্ট (অর্পা), লাসটার, নিডা সোসাইটি ও পল্লী কল্যাণ শিক্ষা সোসাইটির (পিকেএসএস) যৌথ উদ্যোগে সভাটির আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সবার এবং সংবিধান সব নাগরিকের অধিকার নিশ্চিত করেছে উল্লেখ করে তিনি বলেন, জন্মসূত্রে প্রত্যেক নাগরিক রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখেন।
তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা বা ধর্ম পালনে কেউ বাধার সম্মুখীন হলে সেটি বৈষম্যের বিষয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য সরকার বিভিন্ন বিশেষ সুবিধা দিয়েছে। এসব সুযোগ-সুবিধা গ্রহণের পাশাপাশি নিজেদের অধিকার প্রতিষ্ঠায় আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের নিজেদের রাষ্ট্রের প্রথম শ্রেণির নাগরিক হিসেবে বিবেচনা করে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ারও আহ্বান জানান জেলা প্রশাসক।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন নিডা সোসাইটির নির্বাহী পরিচালক মোছা. জাহানারা বিউটি। বাংলাদেশের সমতল এলাকার আদিবাসী জনগোষ্ঠীর জীবনঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রস্তুত করা পজিশন পেপার উপস্থাপন করেন অর্পার নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মো. ওয়াহেদুজ্জামান। সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন পিকেএসএসের নির্বাহী পরিচালক ডেইজী আহম্মেদ।
সভায় আদিবাসী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতারা জীবিকা ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি, ধর্মীয় উৎসবে নিরাপত্তা, কর্মসংস্থান, নিজস্ব ভাষায় শিক্ষা, সম্প্রদায়ভিত্তিক বিদ্যালয় প্রতিষ্ঠা, আবাসন ও ভূমি বরাদ্দসহ বিভিন্ন সরকারি সেবা নিশ্চিত করার দাবি জানান।
মুক্ত আলোচনায় বক্তব্য দেন বাগাতিপাড়া উপজেলার মিঠু মারডি, সদর উপজেলার লিপি কুজুর, সিংড়া উপজেলার লাবনী এক্কা, বড়াইগ্রাম উপজেলার রুপালী বিশ্বাস ও রঘুনাথ এক্কা, এএসইউএসের নির্বাহী পরিচালক নরেশ ওঁরাও এবং সাংবাদিক কালীদাস মুন্ডাসহ অনেকে।
সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং নাটোরের বাগাতিপাড়া, সিংড়া, বড়াইগ্রাম ও সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন পর্যায়ের নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.