
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় মাদক সেবনের অভিযোগে সেলিম (৩৫) নামে এক মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার জামনগর ইউনিয়নের নতুন পশ্চিমপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামসুল আলম। দণ্ডপ্রাপ্ত সেলিম জামনগর পুরাতন পশ্চিমপাড়া গ্রামের মৃত আরসেদ আলীর ছেলে।
মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয়রা মাদক সেবনের সময় সেলিমকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন। পরে বাগাতিপাড়া মডেল থানার এসআই বদিউজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ সময় ঘটনাস্থল থেকে মাদক সেবনের কাজে ব্যবহৃত একটি কল্কি, কাঁচি, ইয়াবা সেবনের দুটি পাইপ ও লাইটার উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
পরে পুলিশের দেওয়া খবরে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামসুল আলম ঘটনাস্থলে। পুলিশ ও স্থানীয়দের বক্তব্য এবং সেলিমের স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
তবে সেলিমের দাবি, ঘটনার সময় কয়েকজন ব্যক্তি ইয়াবা সেবন করছিলেন। তাদের কাছে যাওয়ার পর স্থানীয়রা তাকে আটক করেন। তার ভাষ্য অনুযায়ী, এ সময় জামনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ ও ভিতরভাগ গ্রামের বাসিন্দা মো. তাইজুল ইসলাম ওরফে পিন্টু এবং জামনগর পুরাতন পশ্চিমপাড়া গ্রামের মৃত খেতাবের ছেলে শামীম সেখান থেকে চলে যান।
স্থানীয়দের অভিযোগ, জামনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক সেবন ও কেনাবেচা নিয়ে উদ্বেগ রয়েছে। তারা ওই দুজনের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামসুল আলম বলেন, মাদকবিরোধী অভিযানের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন। এ ধরনের কর্মকাণ্ডের খবর পেলে প্রশাসনকে অবহিত করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.