
এম এম মামুনঃ
রাজশাহী রেলওয়ে স্টেশনে আনসার সদস্যদের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে রেলপথ অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী আইয়ুব আলী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, চাচাকে নিতে আইয়ুব আলী রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়েছিলেন। এ সময় স্টেশনে ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থীর সঙ্গে দায়িত্বে থাকা আনসার সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আইয়ুব ওই শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে গেলে আনসার সদস্যরা তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে আহত অবস্থায় আইয়ুবকে রামেক হাসপাতালে নেওয়া হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার প্রতিবাদে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাবি রেলওয়ে স্টেশনের রেলপথে অবস্থান নেন। এ সময় তারা রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস রাজশাহী স্টেশনে আটকা পড়ে এবং রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য এলাকার রেল যোগাযোগ ব্যাহত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) এজিএস সালমান সাব্বির বলেন, রাজশাহী রেলওয়ে স্টেশনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষার্থীকে আনসার সদস্যরা আটক করে মারধর করেছেন। এর আগেও স্টেশনে এক শিক্ষার্থীকে আটকে রেখে মারধর ও জিম্মি করার ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, রেললাইন ও স্টেশনকে কেন্দ্র করে রেলওয়ের কর্মচারী, কর্মকর্তা ও টিটিইদের মাধ্যমে শিক্ষার্থীরা বারবার হয়রানির শিকার হচ্ছেন। এসব ঘটনার প্রতিবাদ এবং পুনরাবৃত্তি ঠেকাতে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন।
এ বিষয়ে পশ্চিম রেলের মহাপরিচালক আহম্মদ হোসেন মাসুম বলেন, এ ধরনের কোনো সহিংসতার ঘটনা কাম্য নয়। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠানো হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের ক্ষোভের পেছনে কারণ রয়েছে। তাঁর দাবি, ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে মারধরের দৃশ্য দেখা গেছে। তাদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং চিকিৎসকেরা ব্রেন হেমারেজের কথা জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, কোনো শিক্ষার্থী আইন ভাঙলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু বহিরাগতদের এনে মারধর করা গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিয়ে সক্রিয় রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবে। একই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান তিনি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.