
জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে সেনাসদস্য জীবন মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রী মিষ্টি আক্তারের বিয়ের দাবিতে অবস্থান, মানববন্ধনের পর এবার সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সেনাসদস্য জীবন মিয়ার বিরুদ্ধে অভিযোগের বিচার ও মিষ্টি আক্তারের নিরাপত্তার দাবিতে এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী।
স্থানীয় সূত্র ও মিষ্টি আক্তারের পরিবারের ভাষ্য, দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের উত্তর সাপমারী গ্রামের খশরু মিয়ার মেয়ে ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী মিষ্টি আক্তারের সঙ্গে পাররামরামপুর ইউনিয়নের পোড়াভিটা জলব্রিজ এলাকার ফেলু মিয়ার ছেলে জীবন মিয়ার প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। জীবন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত বলে পরিবার জানিয়েছে।
পরিবারের দাবি, দীর্ঘদিনের সম্পর্কের একপর্যায়ে মিষ্টি জীবনকে বিয়ের জন্য চাপ দেন। সম্প্রতি দুই মাসের ছুটিতে বাড়িতে আসেন জীবন। গত ১০ সেপ্টেম্বর বিয়ের কথা বলে স্থানীয় একটি বাজারে মিষ্টিকে দেখা করতে বলেন তিনি। সেখানে দেখা হওয়ার পর মিষ্টিকে নিজের বাড়িতে নিয়ে যান জীবন। পরে তাঁকে বাড়িতে রেখেই চলে যান বলে অভিযোগ মিষ্টি ও তার পরিবারের।
এরপর থেকে বিয়ের দাবিতে জীবন মিয়ার বাড়িতে অবস্থান করছেন মিষ্টি আক্তার। স্থানীয় সূত্রের দাবি, সোমবার পর্যন্ত তিনি সেখানে পাঁচ দিন অবস্থান করেন। এ সময় তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হয়েছে বলে স্থানীয়রা জানান।
মিষ্টির পরিবারের অভিযোগ, জীবন মিয়ার বাড়িতে অবস্থানকালে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে জীবন মিয়া বা তার পরিবারের কোনো সদস্যের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি মীমাংসার জন্য দুই পরিবারের উদ্যোগে কয়েক দফা বৈঠক ও সালিশ হয়েছে। সর্বশেষ সালিশে জীবন মিয়ার বাবা ফেলু মিয়া ছেলের সঙ্গে মিষ্টির বিয়ের প্রস্তাবে সম্মতি জানালেও জীবনকে উপস্থিত করা সম্ভব না হওয়ায় কোনো সমাধান হয়নি। একপর্যায়ে ফেলু মিয়া অসুস্থ হয়ে পড়লে সালিশ বৈঠক স্থগিত করা হয়।
ঘটনার কোনো সমাধান না হওয়ায় সোমবার স্থানীয়রা মানববন্ধন করেন। এর পরদিন মঙ্গলবার দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। বিক্ষোভকারীরা অভিযোগের সুষ্ঠু তদন্ত, মিষ্টি আক্তারের নিরাপত্তা নিশ্চিত এবং আইনগত সমাধানের দাবি জানান।
মিষ্টির বাবা খশরু মিয়া বলেন, দীর্ঘদিন ধরে তার মেয়ের সঙ্গে জীবন মিয়ার সম্পর্ক ছিল। একাধিকবার অন্যত্র মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও মিষ্টি জীবনকে ছাড়া বিয়ে করতে রাজি হয়নি। বর্তমানে তার মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি ঘটনার ন্যায়বিচার দাবি করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। তাঁরা এলে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.