
বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমানের বদলি আদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের সচেতন নাগরিক ও উপজেলা উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার শিবদিঘি যাত্রীছাউনি মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার, জুলাই যোদ্ধা আল হাবীব, রাণীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরামের সদস্য নাজমুল হোসেন, রেজাউল করিম রাজা, শামসুদ্দিন ইসলাম সাগর, সিজান মাহমুদ ও প্রভাষক মজিবুর রহমানসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, মুজিবুর রহমান রাণীশংকৈলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের পর থেকে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার দায়িত্ব পালনকালে ভূমি সেবায় সাধারণ মানুষের হয়রানি ও ভোগান্তি কমেছে এবং ভূমি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলে দাবি করেন তারা।
তারা আরও বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, পরিবেশ ও নদী রক্ষাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসিল্যান্ড মুজিবুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য কমিয়ে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা প্রশংসনীয় বলেও দাবি করেন বক্তারা।
বক্তারা বলেন, বর্তমানে রাণীশংকৈলে নিয়মিত উপজেলা নির্বাহী অফিসার না থাকায় প্রশাসনিক কার্যক্রমে মুজিবুর রহমানের অভিজ্ঞতা ও দক্ষতা গুরুত্বপূর্ণ। সীমান্তবর্তী এ উপজেলায় ভূমি সেবা, মাদক নিয়ন্ত্রণ ও জনস্বার্থসংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁর বদলি আদেশ প্রত্যাহার করা প্রয়োজন।
মানববন্ধন থেকে বক্তারা মুজিবুর রহমানের বদলি আদেশ স্থগিত বা বাতিল করে তাঁকে রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে বহাল রাখার দাবি জানান। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.