
মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। একই সঙ্গে বাল্যবিবাহের আয়োজন ও সহযোগিতার অভিযোগে বিয়ে পড়াতে আসা এক ইমাম ও বরপক্ষকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার কাঁকনহাট দরগাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁকনহাট দরগাপাড়া গ্রামে এক অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইউএনও ইসরাত জাহান দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিয়ের কার্যক্রম বন্ধ করে দেন।
পরে বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাল্যবিবাহ পড়ানোর উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট ইমামকে ২৫ হাজার টাকা এবং বিয়ের আয়োজন করায় বরপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও ইসরাত জাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিবাহের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করা হয়েছে। বাল্যবিবাহের আয়োজন বা এতে কোনোভাবে সহযোগিতা করা দণ্ডনীয় অপরাধ। গোদাগাড়ীতে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে তাৎক্ষণিক প্রশাসনকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।
অভিযান শেষে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেওয়া হবে না, এ মর্মে পরিবারের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।
অভিযানকালে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.