পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক
- আপডেট সময় : ০৯:২৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক
মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধিঃ
পঞ্চগড়ে অধিক মুনাফা ও কৃষি বিপণন অধিদপ্তরের ব্যবসায়িক লাইসেন্স না থাকায় পঞ্চগড় জেলা শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় এক ডিম ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতায় জেলা শহরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আলী চৌধুরী। এ সময় একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ডিম ব্যবসায়ীদের ব্যবসায়িক লাইসেন্স না থাকা এবং অধিক মুনাফা না করার বিষয়ে প্রাথমিকভাবে সতর্ক করা হয়। এ সময় লিটন নামের এক ডিম ব্যবসায়ীর কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(ক) ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে অন্যান্য দোকান মালিকের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। একই সঙ্গে সব ব্যবসায়ীকে ব্যবসায়িক লাইসেন্স করার জন্য তাগিদ দেওয়া হয়।
কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক আব্দুর রহিম বলেন, ডিম ব্যবসায়ীরা অধিক মুনাফা করায় ক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একটি ডিম ১১ টাকা ১০ পয়সায় কিনে ১২ টাকায় বিক্রি করা হচ্ছে। অথচ নিয়ম অনুযায়ী একটি ডিমে ৫০ পয়সার বেশি লাভ করা যাবে না। ব্যবসায়ীরা এর চেয়ে বেশি লাভ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি দোকানে মূল্য তালিকা প্রদর্শন এবং ট্রেড লাইসেন্স করার জন্য তাগিদ দেওয়া হয়েছে।
কৃষি বিপণন অধিদপ্তর জানিয়েছে, বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ব্যবসায়ীদের লাইসেন্স নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















