
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস পাচারের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ও সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ঘোড়ার মাংসের নমুনাসহ বিভিন্ন আলামত জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ভালুকা এলাকার ফরহাদের বাড়ির পেছনে ফুলহারি নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুলহারি এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয়রা ওই এলাকায় তিনটি জবাই করা ঘোড়ার মাংস পড়ে থাকতে এবং আরও তিনটি জীবিত ঘোড়া বাঁধা অবস্থায় দেখতে পান।
বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঝিনাইগাতী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘোড়ার মাংসের নমুনাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে। এ সময় ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।
ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ‘তথ্য পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে ঘোড়ার মাংসের আলামত পাওয়া যায়। সেখান থেকে নমুনাও সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে এই চক্রের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ঘোড়া জবাই ও মাংস বিক্রির অভিযোগ রয়েছে। তবে ঘোড়াগুলো কোথা থেকে আনা হয়েছিল এবং জবাই করা মাংস কোথায় পাচার বা বিক্রি করা হতো, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.