
এম এম মামুনঃ
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত রাজশাহীর বাগমারা উপজেলার শ্যামল উদ্দিন মাঝির (??) মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে শ্যামল উদ্দিনসহ আরও নয় বাংলাদেশির মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। শ্যামলের মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে যান তার জামাতা মিজানুর রহমান।
শ্যামল উদ্দিন রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকড়া ইউনিয়নের মরুগ্রামের বাসিন্দা।
মিজানুর রহমান জানান, শুক্রবার বেলা ১১টার দিকে শ্যামল উদ্দিনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ছাড়াও আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হয়।
প্রিয়জনকে শেষ বিদায় জানাতে গিয়ে স্ত্রী, তিন মেয়েসহ স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। শ্যামলের মরদেহ বাড়িতে পৌঁছানোর পর থেকেই স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তিন মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবারটি।
বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ বলেন, ‘নিহতের খবর পাওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে ২৫ হাজার টাকা ও শুকনা খাবার দেওয়া হয়েছিল। এ ছাড়া বিমানবন্দরে তাদের ৩৫ হাজার টাকা দেওয়া হয়েছে। নিহতের তিন মেয়ে রয়েছে। আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের তাদের পরিবারের পাশে থাকার জন্য বলেছি। মেয়েরা পড়াশোনা করছে, তাদের পড়াশোনা চালিয়ে যেতে আমরা সহযোগিতা করব।’
প্রসঙ্গত, গত ৯ আগস্ট বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুয়া সানাইয়া এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ বাংলাদেশি নিহত হন। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বাসিন্দারা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.