
নাটোর প্রতিনিধি:
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গার রবিউল ইসলাম হৃদয়ের (২৮) মরদেহ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের মহিষডাঙ্গা ভাটোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে সৌদি আরবের ওই অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া নয়জনের মরদেহ দেশে পৌঁছায়। তাদের মধ্যে রবিউল ইসলাম হৃদয় নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা। নিহত অন্য সাতজন নওগাঁর আত্রাই এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার রাতে প্রশাসনের সহায়তায় রবিউলের মরদেহ তার গ্রামের বাড়ি নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামে পৌঁছায়। মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। খবর পেয়ে রাত থেকেই স্বজন ও স্থানীয়রা তাকে একনজর দেখতে বাড়িতে ভিড় করেন।
স্বজনরা জানান, ভাগ্য পরিবর্তনের আশায় প্রায় পাঁচ বছর আগে ধারদেনা করে সৌদি আরবে পাড়ি জমান রবিউল। সেখানে যাওয়ার পর দীর্ঘদিন বৈধ কাগজপত্র না থাকায় তাঁকে লুকিয়ে কাজ করতে হয়েছে। প্রায় তিন বছর পর তিনি বৈধ কাগজপত্র পান। গত দেড় বছরে পরিবারের ঋণের কিছু টাকা পরিশোধ করলেও এখনো পুরো ঋণ শোধ হয়নি।
স্বজনদের ভাষ্য, ঋণ পরিশোধ করে গ্রামে বাবা-মায়ের জন্য একটি বাড়ি তৈরি করে কিছুদিন পর দেশে ফেরার কথা ছিল রবিউলের। কিন্তু স্বজনদের সেই অপেক্ষার অবসান হয়েছে তার নিথর দেহ ফেরার মধ্য দিয়ে।
নিহত রবিউল ইসলাম হৃদয় মহিষডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
এদিকে ওই অগ্নিকাণ্ডে নাটোরের নলডাঙ্গা উপজেলার আরও দুজন প্রবাসীর মৃত্যু হয়েছে। তবে প্রথম পর্যায়ে রবিউলের মরদেহ দেশে এলেও বাকি দুজনের মরদেহ এখনো দেশে পৌঁছায়নি।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান খান বলেন, বৃহস্পতিবার রাতেই রবিউলের মরদেহ তাঁর বাড়িতে পৌঁছায়। শুক্রবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। সৌদি আরবে নিহত নলডাঙ্গার আরও দুজনের মরদেহ শনাক্ত ও যাচাই-বাছাই শেষে দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.