
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় বিষধর সাপের কামড়ে পান্না বেগম (৪৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) ভোরে উপজেলার বাগাতিপাড়া সদর ইউনিয়নের টেটন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পান্না বেগম ওই গ্রামের জিন্নাত আলীর মেয়ে এবং মো. আব্দুর রহমানের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার ভোর আনুমানিক ৫টার দিকে পান্না বেগম বাড়ির পাশের চায়ের দোকান খোলার জন্য যান। দোকানের সামনে ঝাড়ু দেওয়ার সময় হঠাৎ কোনো একটি প্রাণী তার ডান হাতের একটি আঙুলে কামড় দেয়। সাপে কামড় দিয়েছে সন্দেহ করে বিষয়টি পরিবার ও স্থানীয়দের জানান তিনি। পরে দোকানঘরের আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সাপ পাওয়া যায়নি।
এরপর পান্না বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে সকাল সাড়ে ৭টার দিকে তার স্বামী মো. আব্দুর রহমান অটোভ্যানে করে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল আনুমানিক ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন মরদেহটি নিজ বাড়িতে নিয়ে যান।
নাটোর আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জানা গেছে, পান্না বেগমকে বিষধর সাপে কামড় দিয়েছিল বলে চিকিৎসকরা ধারণা করেন। সাপে কামড় দেওয়ার বিষয়টি বুঝতে না পারায় হাসপাতালে নিতে দেরি হয়। পরে অ্যান্টিভেনম প্রয়োগের পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানান চিকিৎসক।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, সাপের কামড়েই পান্না বেগমের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
বাগাতিপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জনাব আলী পান্না বেগমের সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার দুপুরে মরহুমার জানাজা শেষে টেটন পাড়া গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.