
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে বিয়ের বাড়িতে হামলা, মারধর, ঘরবাড়ি ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সেলিনা (৩৫) নামের এক বেদেপল্লীর নারী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার দক্ষিণ ডেফলাই বেদেপল্লীতে তার বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি। শনিবার (১৫ আগস্ট) সকালে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন সেলিনা।
লিখিত বক্তব্যে সেলিনা জানান, ১২ আগস্ট রাতে তার বড় ভাইয়ের সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি ও বিরোধের সূত্রপাত হয়। পরে স্থানীয় কয়েকজন নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। তবে এর কয়েক ঘণ্টা পর ১৩ আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে ১৪-১৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বিয়ের বাড়িতে প্রবেশ করে বলে অভিযোগ করেন তিনি।
সেলিনার অভিযোগ, হামলাকারীরা চাপাতি, ছুরি, লোহার শাবল ও লাঠিসোঁটা নিয়ে বাড়িতে ঢুকে তার ছেলেকে মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হলে সেটি তার কপালের বাম পাশে লাগে। এতে তিনি রক্তাক্ত জখম হন। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন সেলিনা।
তিনি আরও অভিযোগ করেন, তার ছোট বোনের স্বামীকে লোহার শাবল দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করা হয়। তিনি সরে যাওয়ায় শাবলের আঘাত তার পায়ের বুড়ো আঙুলে লাগে। এ সময় তার বাবাকেও মারধর করা হয়েছে বলে দাবি করেন সেলিনা।
সংবাদ সম্মেলনে সেলিনা অভিযোগ করেন, হামলার সময় তার ছেলের হাত থেকে দুটি স্বর্ণের আংটি ও একটি স্বর্ণের ব্রেসলেট নিয়ে যাওয়া হয়। এসব স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা বলে দাবি করেন তিনি।
এ ছাড়া তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন সেলিনা। ওই চেইনের আনুমানিক মূল্য ২ লাখ টাকা বলে দাবি তার।
সেলিনার অভিযোগ, হামলাকারীরা ঘরে ঢুকে আসবাবপত্র, হাঁড়ি-পাতিল, ট্রাংক এবং বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া করা ডেকোরেটরের বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে হামলাকারীদের নিবৃত্ত করলে তারা রক্ষা পান বলে জানান সেলিনা। আহতদের মধ্যে দুজনকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে সেলিনা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। সেলিনার করা অভিযোগগুলোর সত্যতা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.