
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মার্কেটের ছয়টি দোকানঘর মালামালসহ পুড়ে গেছে। শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর বাজারের জাহান মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
[caption id="attachment_41150" align="aligncenter" width="300"]
Bagaripara fire news photo 15-08-2026 2[/caption]
দয়ারামপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত গভীর রাতে সোনাপুর বাজারের জাহান মার্কেটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে মার্কেটের একের পর এক দোকান আগুনের কবলে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে ছয়টি দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে মুদি দোকান, গো-খাদ্য ও ভূষির দোকান, ওষুধের দোকান, ছিট কাপড় ও দর্জির দোকান, জুতা-স্যান্ডেলের দোকান এবং কীটনাশকের গোডাউন।
[caption id="attachment_41149" align="aligncenter" width="300"]
Bagaripara fire news photo 4[/caption]
ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দেওয়া তথ্যমতে, ডুমরাই মোল্লাপাড়ার মো. শাহ আলমের মুদি দোকানে প্রায় ৫ লাখ টাকা, হিজলী সোনাপুরের মো. আব্দুল হামিদের গো-খাদ্য ও ভূষির দোকানে প্রায় ২ লাখ টাকা এবং সোনাপুরের মো. আবু জাহান গিফারীর ওষুধের দোকানে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
[caption id="attachment_41151" align="aligncenter" width="300"]
Bagaripara fire news photo 15-08-2026 1[/caption]
এছাড়া ডুমরাই ঢাকাপাড়ার হাজী আব্দুস সাত্তারের ছিট কাপড় ও দর্জির দোকানে প্রায় ১ লাখ টাকা, দয়ারামপুর তালতলার মো. আশরাফুলের জুতা-স্যান্ডেলের দোকানে প্রায় ৩০ হাজার টাকা এবং হিজলী সোনাপুরের মো. সাইফুল ইসলামের কীটনাশকের গোডাউনে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
দয়ারামপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে আগুনের সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এদিকে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আর্থিক সহায়তার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.