
নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের নিটল-টাটা সার্ভিসিং সেন্টারে নিরাপত্তাকর্মী আব্দুর রহমান (৫৮) হত্যার ঘটনায় জুয়েল (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি ওই প্রতিষ্ঠানের সাবেক নিরাপত্তাকর্মী। হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন।
পুলিশ জানায়, জেলার জগন্নাথপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের পাশে নিটল-টাটা সার্ভিসিং সেন্টারের বাউন্ডারির ভেতরে নিরাপত্তাকর্মী আব্দুর রহমানকে পিটিয়ে হত্যা করা হয়।
এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) সকালে নিজ বাসা থেকে কর্মস্থলে দায়িত্ব পালনের জন্য আসেন আব্দুর রহমান। সকাল ১১টার দিকে তিনি সর্বশেষ স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। পরে পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
রাতে রাত্রিকালীন ডিউটিতে যোগ দিতে এসে আরেক নিরাপত্তাকর্মী তোয়াবুর রহমান সার্ভিসিং সেন্টারের বাইরের গেট তালাবদ্ধ দেখতে পান। একই সময়ে নিহতের ছেলে আশরাফুল ইসলামও বাবার খোঁজ নিতে সেখানে উপস্থিত হন। পরে তোয়াবুর রহমান দেয়াল টপকে বাউন্ডারির ভেতরে প্রবেশ করে আব্দুর রহমানকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশের দাবি, গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একই প্রতিষ্ঠানের সাবেক নিরাপত্তাকর্মী জুয়েলকে শনাক্ত করা হয়। পরে হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে আটক করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় বুধবার নিহতের ছেলে আশরাফুল ইসলাম বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় জুয়েলের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.