
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া থেকে নজরুল ইসলাম (৪৪) নামে এক বাকপ্রতিবন্ধী ব্যক্তি ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ২৬ জুলাই উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ডুমরাই এলাকা থেকে নিখোঁজ হন তিনি। নজরুল ইসলাম ওই এলাকার মো. আব্দুল আলীমের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই (রবিবার) দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে দয়ারামপুর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন নজরুল। এরপর আর বাড়ি ফেরেননি। এদিন সন্ধ্যার পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় গত ১ আগস্ট নজরুলের মা জাহানারা বেগম বাগাতিপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। থানার জিডি নম্বর-৪২। নিখোঁজের ১৪ দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।
নজরুলের মা জাহানারা বেগম বলেন, আমার দুই ছেলের মধ্যে নজরুল ছোট। সে জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী হওয়ায় সবসময় তাকে চোখে চোখে রাখতাম। সে তার বাবার সঙ্গে সংসারের বিভিন্ন কাজ করত। মাঝে মধ্যে তার মাথায় সমস্যা দেখা দিলে এদিক-সেদিক চলে যেত এবং এক-দুই দিনের মধ্যে নিজেই বাড়ি ফিরে আসত। কিন্তু এবার ১৪ দিন পার হয়ে গেলেও সে আর ফিরে আসেনি।
তিনি জানান, বাড়ি থেকে বের হওয়ার সময় নজরুলের পরনে ছিল নাইলন সুতার বড় চেক লুঙ্গি, ফুল ছাপানো কালো গেঞ্জি ও একটি চেক শার্ট। তার বাম হাতে কালো রঙের ক্যাসিও ঘড়ি ছিল।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ নজরুল ইসলামকে খুঁজে পেতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নজরুল ইসলামের সন্ধান পেলে বাগাতিপাড়া মডেল থানায় ০১৩২০-১২৪৬৩১ নম্বরে অথবা তার খালাতো ভাই বিকুল মোল্লা—০১৭৬৫-৯৪৮৮০৬ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.