
এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে ব্যাংক থেকে টাকা তুলে অটোচার্জার ভ্যানে করে বাড়ি ফেরার পথে এক নারীর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় ৪৮ ঘণ্টার মধ্যেই মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও লুণ্ঠিত ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের গোপালপুর বটতলা গ্রামের মো. আলমাস আলীর ছেলে সবুজ আলী (২০) এবং লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পুরাতন ঈশ্বরদী (ভাদুর বটতলা বাগানপাড়া) গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে সোহাগ আলী (১৯)।
বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে ওসি শফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী মোছা. জেসমিন নাহার গত সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ডাচ্-বাংলা ব্যাংকের লালপুর শাখা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করে ভ্যানিটি ব্যাগে নিয়ে অটোচার্জার ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন সাকোর পাকা রাস্তায় বেলা ১১টার দিকে একটি চলন্ত মোটরসাইকেলের আরোহী সবুজ এবং সোহাগ তার টাকাসহ ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জেসমিন নাহার বাদী হয়ে লালপুর থানায় একটি ছিনতাইয়ের একটি মামলা দায়ের করেন।
শফিকুল ইসলাম জানান, ঘটনার পর ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হয়। পাশাপাশি গোপন গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্তে অভিযান শুরু করে লালপুর থানা পুলিশ। অভিযানের একপর্যায়ে মেহেরপুরে তাদের অবস্থান সনাক্ত করে সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করে লালপুর থানায় আনা হয়।
ওসি শফিকুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং লুণ্ঠিত ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে সবুজ ও সোহাগকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.