
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে নিয়োগ পাওয়া তিন কর্মচারীর নিয়োগও বাতিল করা হয়েছে। গণমাধ্যমে এ-সংক্রান্ত সংবাদ প্রকাশের পর তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, দুই দফায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রচলিত নিয়ম-নীতি উপেক্ষা করে তৎকালীন বিদ্যালয় পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে টাকার বিনিময়ে তিন কর্মচারী নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে।
নিয়োগ পাওয়া তিনজন হলেন- নিরাপত্তাকর্মী পদে জোবায়ের কাজী, অফিস সহকারী পদে নাজমুল হক এবং নৈশপ্রহরী পদে রুবেল হোসেন।
ইউএনও জানান, এ বিষয়ে প্রায় এক বছর আগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়া যায়।
তবে সে সময় বিদ্যালয়ের পুরোনো পরিচালনা কমিটি বিলুপ্ত থাকায় প্রশাসনিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে বিদ্যালয়ের পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠিত হলে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রধান শিক্ষক আনোয়ার হোসেনকে বরখাস্ত এবং অবৈধভাবে নিয়োগ পাওয়া তিন কর্মচারীর নিয়োগ বাতিলের সিদ্ধান্ত কার্যকর করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.