
এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে অ্যাম্বুলেন্স, ব্যাটারিচালিত অটোভ্যান ও ইঞ্জিনচালিত কুত্তা গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ইয়ারুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) ভোরে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ারুল ইসলাম উপজেলার উধনপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দীন লেজুর ছেলে। আহতরা হলেন, একই গ্রামের আক্কাস আলীর ছেলে বাবু হোসেন (৪০) ও সাজদার রহমানের ছেলে লোকমান হোসেন (৫০)।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে বিলমাড়ীয়া ইউনিয়নের উধনপাড়া ৬ নম্বর ওয়ার্ডের সদস্য হায়দার আলী জানান, বুধবার (৫ আগস্ট) ভোরে কয়েকজন শ্রমিক ব্যাটারিচালিত অটোভ্যানে করে পাশের ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকায় ধান রোপণের কাজে যাচ্ছিলেন। পথে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় পৌঁছালে ঈশ্বরদীগামী একটি অ্যাম্বুলেন্স অটোভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত কুত্তা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনায় অটোভ্যানে থাকা ইয়ারুল, বাবু ও লোকমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়ারুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত বাবু হোসেন ও লোকমান হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন গুরুতর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে লালপুর থানায় একটি ইউডি এবং একটি সড়ক নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। তিনি আরও জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.