রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা
- আপডেট সময় : ০৩:১৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে

রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা
এম এম মামুন:
রাজশাহীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অভিযানে গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ‘সুইটমিট (মিষ্টি)’ উৎপাদন ও বিক্রি-বিতরণের অভিযোগে ‘অলিম্পিয়া সুইটস’কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর হড়গ্রাম বাজার এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
বিএসটিআই সূত্রে জানা যায়, গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ‘সুইটমিট (মিষ্টি)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করছিল প্রতিষ্ঠানটি। এছাড়া ‘ফার্মেন্টেড মিল্ক (দই ও মাঠা)’ পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্যসম্বলিত লেবেল না থাকায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



















