
শুধু আইন প্রয়োগ কিংবা শাস্তির মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মঙ্গলবার (২৮ জুলাই) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্ত্রী বলেন, আমরা মাদকবিরোধী অভিযান শুরু করেছি। আমাদের লক্ষ্য, সবাইকে সঙ্গে নিয়ে এই কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করা। আমার মতে, এ ছাড়া বিকল্প কোনো পথ নেই। শুধু আইন করে কিংবা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ে মাদক নিয়ন্ত্রণে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলোর মাধ্যমে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, আমরা চাই, সবাই এ বিষয়ে ইতিবাচক ভূমিকা পালন করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনসচেতনতা সৃষ্টি। মানুষকে বারবার জানাতে হবে যে, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে।
তিনি বলেন, সমাজের প্রতিটি স্তরে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা গেলে তরুণ প্রজন্মকে এই অভিশাপ থেকে রক্ষা করা সম্ভব হবে। পাশাপাশি একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলাও সহজ হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং মাদক-সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.