
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে শান্তিশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার মাগুড়া ইউনিয়নের উত্তর মাগুড়া প্রধানপাড়া এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করেন মাগুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকার বাসিন্দা আজিজুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন, সংঘর্ষ সৃষ্টি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে রয়েছেন। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে দাবি করা হয়।
বক্তারা আরও অভিযোগ করেন, প্রতিবাদকারী ও স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, প্রাণনাশের হুমকি এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে।
মানববন্ধনে জানানো হয়, গত ২৪ জুলাই সংঘটিত একটি ঘটনায় কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হন এবং তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এছাড়া গবাদিপশু লুট, বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও তুলে ধরেন তারা।
এলাকাবাসীর দাবি, এসব ঘটনার কারণে নারী, শিশু ও সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে এলাকায় শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন-এর কাছে একটি গণআবেদন জমা দেন।
মানববন্ধনে এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.