
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মিরাজ আলী (২৪) নামে মাদকাসক্ত ছেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিশমনি গ্রামে এই ঘটনা ঘটে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মিরাজ আলী (২৪) সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিশমনি গ্রামের বাসিন্দা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত বুধবার মিরাজের বাবা মো. জাহিদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মাদকের প্রভাবে চুরি, মারামারি, পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। একাধিকবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠানো হলেও ফিরে এসে তিনি পুনরায় মাদক সেবন ও অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হন।
অভিযোগে আরও বলা হয়, মাদকের টাকা না পেলে মিরাজ বাড়ির মালামাল বিক্রি করে দিতেন, বিভিন্ন বাড়িতে চুরি করতেন এবং বাধা দিলে পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকি দিতেন। এর আগে গাঁজা বিক্রির অভিযোগে তিনি দুইবার কারাভোগও করেছেন। তার নির্যাতনের কারণে স্ত্রীও তাকে তালাক দিয়ে চলে গেছেন।
সবশেষ গত ২২ জুলাই পারিবারিক কলহের একপর্যায়ে বাবা কারণ জানতে চাইলে মিরাজ ঘর থেকে একটি করাত এনে বাবার গলায় ধরে জবাইয়ের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় মা বাধা দিতে এগিয়ে এলে তাকেও হত্যার উদ্দেশ্যে তেড়ে যান। পরে দুজনই দৌড়ে পালিয়ে প্রাণ রক্ষা করেন। ঘটনার পরদিন তার বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
ভ্রাম্যমাণ আদালতে শুনানির সময় মিরাজ আলী প্রকাশ্যে মাদক সেবনের কথা স্বীকার করেন। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম ও আলামত উদ্ধার করা হয়। অভিযোগ, আসামির স্বীকারোক্তি এবং উদ্ধার হওয়া আলামত পর্যালোচনা করে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, ১০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানা বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ, তার স্বীকারোক্তি এবং উদ্ধার হওয়া আলামতের ভিত্তিতে প্রচলিত আইনে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.