
রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কচুয়া মোহাম্মদপুর হাট সংলগ্ন সড়কের পাশে সরকারি খাস জমি দখল করে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ সময় সরকারি জায়গায় থাকা একটি নিমগাছ ও একটি শতবর্ষী কড়াই গাছের ডাল কেটে ফেলার ঘটনাও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুর-কাঁকনহাট সড়কের মোহাম্মদপুর বালিকা বিদ্যালয় মোড় এলাকায় রাস্তার ধারে সরকারি খাস জমির ওপর পাকা দোকানঘর নির্মাণ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, মোহাম্মদপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সজিব জোরপূর্বক এ নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানঘর নির্মাণের সুবিধার্থে সরকারি জায়গায় থাকা একটি নিমগাছের অর্ধেক অংশ এবং একটি শতবর্ষী কড়াই গাছের দুটি বড় ডাল কেটে ফেলা হয়েছে। এতে গাছ দুটির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি, সরকারি খাস জমি দখল ও গাছ কাটার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে অন্যরাও একইভাবে সরকারি সম্পত্তি দখলে উৎসাহিত হবে। তারা অবৈধ নির্মাণকাজ বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সরকারি জমি উদ্ধার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুস সালাম বলেন, তিনি নন, তার ছেলে সজিব দোকানঘর নির্মাণ করছেন।
তবে সজিব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, জমিটি তার কেনা। যদিও তিনি স্বীকার করেন, সেখানে "অল্প কিছু" খাস জমি রয়েছে। তিনি আরও বলেন, নির্মাণকাজে অসুবিধা হওয়ায় কড়াই গাছের একটি বড় ডাল কেটে ফেলতে হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.