রাজশাহীতে অনুমোদনহীন কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা
- আপডেট সময় : ১০:৫১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ১৩৭ বার পড়া হয়েছে

রাজশাহীতে অনুমোদনহীন কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা
রাজশাহীতে অনুমোদন ছাড়াই জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে রাজশাহী মহানগরীর কুমারপাড়া আলুপট্টি এলাকায় বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
বিএসটিআই সূত্রে জানা যায়, অভিযানে দেখা যায়, ‘কেক ব্রাইট’ নামে একটি প্রতিষ্ঠান বিএসটিআইয়ের বাধ্যতামূলক গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) ছাড়াই জন্মদিনের কেক উৎপাদন, বিক্রি ও বিতরণ করছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে এবং খাদ্যোপযোগী নয় (নন-ফুড গ্রেড) এমন উপাদান ব্যবহার করে কেক তৈরি করছিল বলে অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করেন।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস (সিএম) উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএসটিআই জানিয়েছে, ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ রোধ এবং ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।



















