
নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীর ওপর নির্মিত বেইলি সেতুর উচ্চতা নিয়ন্ত্রণকারী লোহার গেট বারবার যানবাহনের ধাক্কায় বাঁকা হয়ে ঝুলে পড়েছে। গেটের দুটি খুঁটি স্থানচ্যুত হয়ে যাওয়ায় সেতু পারাপারে নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় সতর্কতামূলক সাইনবোর্ড, উচ্চতা নির্দেশক ও রিফ্লেক্টর না থাকায় প্রায়ই বাইরের এলাকার যানবাহন গেটটির সঙ্গে ধাক্কা খাচ্ছে। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
সরেজমিনে দেখা যায়, সেতুর প্রবেশমুখে কোথাও উচ্চতা সীমা নির্দেশক, সতর্কতামূলক সাইনবোর্ড কিংবা প্রতিফলক (রিফ্লেক্টর) নেই। বরং প্রবেশপথে রাজনৈতিক ব্যানার, কোচিং সেন্টারের বিজ্ঞাপন ও চিকিৎসকদের প্রচারপত্র ঝুলতে দেখা গেছে। চারপাশের ঘন গাছপালা ও এসব ব্যানারের কারণে দূর থেকে উচ্চতা নিয়ন্ত্রণকারী গেটটি স্পষ্টভাবে দেখা যায় না।
[caption id="attachment_40325" align="aligncenter" width="300"]
Bagatipara Damaged height news pic[/caption]
গালিমপুর প্রান্তে স্থাপিত লোহার গেটের দুটি স্টিলের বিম একাধিকবার যানবাহনের ধাক্কায় বাঁকা হয়ে সেতুর ওপর হেলে পড়েছে। দুটি খুঁটিও স্থানচ্যুত হয়ে যাওয়ায় স্থানীয়রা সাময়িকভাবে সেগুলো দড়ি দিয়ে পাশের গাছের সঙ্গে বেঁধে রেখেছেন। এতে ছোট-বড় যানবাহনকে ধীরগতিতে ঝুঁকি নিয়ে সেতু পার হতে হচ্ছে।
এদিকে সেতুর কাঠামোর অবস্থাও নাজুক। স্থানীয়দের ভাষ্য, ২৪৬টি পাটাতনের অনেকগুলোই দীর্ঘদিনের ব্যবহারে ক্ষয়প্রাপ্ত। কোথাও পাটাতন ফুটো হয়ে গেছে, কোথাও বড় গর্ত সৃষ্টি হয়েছে, আবার কোথাও অংশবিশেষ ভেঙে ফাঁকা হয়ে রয়েছে। এই ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্য দিয়েই প্রতিদিন শত শত যানবাহন ও পথচারী সেতুটি ব্যবহার করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৫ সালের ১২ ফেব্রুয়ারি জনসাধারণের চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করা হয়। এরপর ঝড়, অতিরিক্ত ভারী যানবাহনের চাপ এবং পাটাতন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে একাধিকবার সংস্কার করা হয়েছে। সর্বশেষ ২০২৫ সালে সেতুর ওপর ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে দুই প্রান্তে উচ্চতা নিয়ন্ত্রণকারী লোহার গেট স্থাপন করে সড়ক ও জনপথ বিভাগ।
তবে গেট স্থাপনের পর প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়ায় প্রায়ই ট্রাক ও বাস গেটটির সঙ্গে ধাক্কা খাচ্ছে। এতে গেটের কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী নির্মল কুমার বলেন, বাগাতিপাড়া ছাড়াও রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলার মানুষের জন্য এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সপ্তাহে দুই দিন গরুর হাট বসে, তখন অসংখ্য গবাদিপশুবাহী যানবাহন এ সেতু ব্যবহার করে। কিন্তু সতর্কতামূলক সাইনবোর্ড না থাকায় প্রায়ই যানবাহন গেটের সঙ্গে ধাক্কা খাচ্ছে। এতে গেটটি ধনুকের মতো বাঁকা হয়ে গেছে। ভারী যানবাহনকে বিকল্প পথে ঘুরে যেতে হওয়ায় সময় ও পরিবহন ব্যয় দুটিই বাড়ছে।
স্থানীয় ব্যবসায়ী বাবু আলী বলেন, গেটের দুটি খুঁটি আগের অবস্থান থেকে সরে গেছে। দুর্ঘটনা এড়াতে আমরা দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছি। কিন্তু এটি কোনো স্থায়ী সমাধান নয়। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি সেতুর পাটাতনগুলোর অবস্থাও খুবই ঝুঁকিপূর্ণ। দ্রুত গেট ও সেতুর ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা প্রয়োজন।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক বলেন, আমি নিজেও সেতুটির অবস্থা দেখেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।
নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসান সরকার বলেন, “আমাদের প্রতিনিধিরা সেতুটি পরিদর্শন করবেন। প্রাথমিকভাবে অস্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, সেতুর উচ্চতা নিয়ন্ত্রণকারী গেট দ্রুত মেরামত, প্রয়োজনীয় সতর্কতামূলক সাইনবোর্ড ও রিফ্লেক্টর স্থাপন এবং ক্ষতিগ্রস্ত পাটাতন সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.