গোদাগাড়ীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ১০:৫৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে

গোদাগাড়ীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
রাজশাহীর গোদাগাড়ীতে অসুস্থ গরু জবাই করে সেই মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা মাংস বিধি অনুযায়ী মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুর ১টার দিকে গোদাগাড়ী পৌরসভার সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী মো. তসিরুল ইসলাম (৪০) গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অসুস্থ গরু জবাই করে বাজারে মাংস বিক্রি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী পৌরসভা এলাকায় অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে জবাইকৃত গরুর মাংস জব্দ করা হয়। পরে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’-এর ৩(১) ও ২৪(১) ধারায় তসিরুল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।
ইউএনও ইসরাত জাহান বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জব্দ করা মাংস গোদাগাড়ী পৌরসভার সহায়তায় বিধি অনুযায়ী মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















