
শেরপুর সদর থানায় দায়ের হওয়া নাবালক অপহরণ ও ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলার প্রধান আসামি নাজিম মিয়া (২০)কে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। মঙ্গলবার (২৩ জুন) র্যাব-১৪ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ জুন) সন্ধ্যায় র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল র্যাব-৪ এর সহযোগিতায় আশুলিয়া থানার একটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত নাজিম মিয়া ভুক্তভোগী পরিবারের দূরসম্পর্কের আত্মীয়। গত ১ জুন বিকেলে তিনি শেরপুর সদর উপজেলার পশ্চিম দড়িপাড়া এলাকায় বাদীর বাড়িতে এসে ১২ বছর বয়সী নুর ইসলামকে আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। এরপর শিশুটি আর বাড়িতে ফিরে না আসায় পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে।
পরদিন সকালে শিশুর সন্ধান চাইতে গেলে নাজিম মিয়াসহ অন্য অভিযুক্তরা তাকে মুক্ত করার বিনিময়ে ১২ ঘণ্টার মধ্যে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে শিশুসহ তার বাবাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আদালতে পিটিশন মামলা দায়ের করলে আদালতের নির্দেশে গত ১৭ জুন শেরপুর সদর থানায় পেনাল কোডের ৩৬১/৩৬৩/৩৮৫/৩৪ ধারায় নিয়মিত মামলা রুজু হয়। মামলার পর থেকেই প্রধান আসামি আত্মগোপনে চলে যায়।
র্যাব জানায়, মামলার পর থেকেই আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এর ধারাবাহিকতায় তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানিয়েছে, অপহৃত নাবালককে অক্ষত অবস্থায় উদ্ধারে তাদের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.