
নওগাঁর রাণীনগর উপজেলার রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় এলাকায় মোটরসাইকেল ডাকাতির চেষ্টাকালে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাতে ধাওয়া করে উপজেলা সদরের খট্টেশ্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, নওগাঁ সদরের চন্ডিপুর উত্তর সরদারপাড়া গ্রামের সেন্টু হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২১), বগুড়ার আদমদীঘির ছাতিয়ান গ্রামের ফিরোজ মন্ডলের ছেলে সানা মন্ডল (২২) এবং একই গ্রামের মসিদুল ইসলামের ছেলে রাব্বী হাসান (১৯)।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোনা গ্রামের মাহাবুব নামে এক যুবক মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় এলাকায় পৌঁছালে ৮ সদস্যের একটি ডাকাত দল তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় মাহাবুবের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ডাকাত দলের সদস্যদের ধাওয়া করে এবং থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে ধাওয়া করে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করে। তবে তাদের আরও পাঁচ সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে একটি দেশীয় চাকু ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় রাতেই গ্রেপ্তার তিনজনের নাম উল্লেখ করে এবং আরও পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় ডাকাতির চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.