
উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ পশুর হাট রাজশাহীর সিটি হাট এখন কোরবানির ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে। প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার গবাদিপশু হাতবদল হচ্ছে এই হাটে। এসব পশু দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামের হাটগুলোতে সরবরাহ করা হচ্ছে। তবে এই সরবরাহ ব্যবস্থার সঙ্গে জড়িত পরিবহন খাত এখন চাঁদাবাজির অভিযোগে চরম চাপের মুখে পড়েছে।
ট্রাক চালকদের অভিযোগ, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে হাইওয়ে পুলিশ ও রাজনৈতিক পরিচয়ধারী কিছু ব্যক্তি তাদের কাছ থেকে চাঁদা আদায় করছেন। ঢাকা পর্যন্ত পৌঁছাতে ট্রাকপ্রতি অন্তত পাঁচ হাজার টাকা এবং চট্টগ্রাম গেলে আরও দুই থেকে পাঁচ হাজার টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে। টাকা না দিলে চালকদের হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এমনকি শারীরিক নির্যাতনের শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
রোববার রাজশাহীর সিটি হাটে বিভিন্ন জেলার পশুবাহী ট্রাক চালকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। অধিকাংশ চালক নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার অনুরোধ জানান। তাদের দাবি, কখনও পুলিশের চেকিংয়ের নামে, আবার কখনও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদা আদায় করা হচ্ছে।
চালকদের ভাষ্য অনুযায়ী, রাজশাহী সিটি হাট থেকে ট্রাক ছাড়ার পর প্রথমে নগরীর উপকণ্ঠ বেলপুকুর এলাকায় যানবাহন থামিয়ে ট্রাকপ্রতি ৫০০ টাকা নেওয়া হয়। একই স্থানে রাজনৈতিক পরিচয়ে আরও ৩০০ টাকা আদায়ের অভিযোগ রয়েছে। এরপর পুঠিয়া এলাকায় পবা হাইওয়ে থানার সামনে আবারও ৫০০ টাকা এবং স্থানীয় প্রভাবশালীদের নামে আরও ২০০ টাকা দিতে হয়।
তাদের অভিযোগ, নাটোরের বনপাড়া, সিরাজগঞ্জের যমুনা সেতুর পূর্ব প্রান্ত, টাঙ্গাইলের এলেঙ্গা ও সখীপুর, গোড়াই এবং গাজীপুর চৌরাস্তা এলাকাতেও একইভাবে চাঁদা আদায় করা হচ্ছে। রাজধানীর গাবতলি, শনির আখড়া, মদনপুর, গাউসিয়া ও আড়াইহাজার এলাকায়ও পশুবাহী ট্রাক থামিয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। চট্টগ্রামগামী ট্রাকগুলোকেও কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
চালকদের দাবি, অনেক সময় ট্রাক থামিয়ে কাগজপত্র খুঁটিয়ে দেখা হয়। সামান্য অসঙ্গতি পেলেই মামলা দেওয়ার ভয় দেখানো হয়। পরে আর্থিক সমঝোতার মাধ্যমে গাড়ি ছাড়ানো হয়। আবার কিছু স্থানে লাঠিসোঁটা হাতে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরাও ট্রাক থামিয়ে টাকা আদায় করছেন বলে অভিযোগ করেছেন তারা।
ট্রাক মালিকেরা বলছেন, বর্তমানে রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত একটি পশুবাহী ট্রাকের ভাড়া প্রায় ৪০ হাজার টাকা এবং চট্টগ্রাম পর্যন্ত ৫০ থেকে ৫৫ হাজার টাকা। কিন্তু পথে পথে চাঁদা দিতে গিয়ে আয়ের বড় অংশ ব্যয় হয়ে যাচ্ছে। জ্বালানি, শ্রমিক ও অন্যান্য খরচের সঙ্গে এই অতিরিক্ত চাপ যুক্ত হওয়ায় ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে।
রাজশাহী ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাদরুল ইসলাম বলেন, চালকদের অভিযোগের বাস্তবতা রয়েছে। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মহাসড়কে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ হয়নি।
এ বিষয়ে বগুড়া হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি) আবু তোরাব মোহাম্মদ শামসুল আলম বলেন, মহাসড়কে চাঁদাবাজির বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আসেনি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
হাইওয়ে পুলিশের উত্তর বিভাগের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল্লাহ হিল বাকী বলেন, পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মহাসড়কে বিশেষ নজরদারি রাখা হয়েছে। কোথাও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.