
আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগ তুলে লালমনিরহাটের পাটগ্রামের তিনবিঘা করিডোর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করলে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও বিএসএফ সদস্যদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেলে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তিনবিঘা করিডোর সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পিলার ডিএএমপি ৭/৩০ এস থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে ভারতীয় সার্ভে বিভাগের সদস্যদের উপস্থিতিতে ১৭৪/ভীম বিএসএফ ক্যাম্পের সদস্যরা প্রায় ৩ ফুট উচ্চতার বাঁশের খুঁটি স্থাপনের কাজ শুরু করেন।
বিষয়টি বিজিবির নজরে এলে পানবাড়ি কোম্পানি কমান্ডার বিএসএফের ১৭৪/ভীম ক্যাম্পের কোম্পানি কমান্ডারকে খুঁটিগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ জানান। তবে বিএসএফ পক্ষ জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসব খুঁটি স্থাপন করা হচ্ছে এবং অনুমতি ছাড়া তা অপসারণ করা সম্ভব নয়।
পরে ভারতীয় সার্ভে বিভাগের সদস্যদের উপস্থিতিতে প্রায় ৫০ থেকে ৬০ জন বিএসএফ সদস্য সেখানে অবস্থান নেন এবং বাঁশের খুঁটি স্থাপনের কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দহগ্রাম বিওপির টহলরত বিজিবি সদস্যরা বাধা দিলে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
বিজিবি সূত্র জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দহগ্রাম, পানবাড়ি ও আঙ্গরপোতা এলাকায় টহল জোরদার করা হয়েছে। বর্তমানে বাঁশের খুঁটি স্থাপনের কাজ বন্ধ রয়েছে। তবে ভারতীয় সার্ভে বিভাগের সদস্যরা এখনও সীমান্ত এলাকায় মাপজোক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.