
রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া ১৪টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সিরাজগঞ্জ থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তি হলেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া গ্রামের রাশিদ হাসান।
শনিবার (৯ মে) বিকেলে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সিরাজগঞ্জ থেকে রাশিদ হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ১৪টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাশিদ হাসান দীর্ঘদিন ধরে বাগমারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরিকল্পিতভাবে গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার চুরি করে আসছিলেন। চুরির পর তিনি ঘটনাস্থলের আশপাশের ঝোপঝাড়ে মিটারগুলো লুকিয়ে রাখতেন। পরে যেখানে মিটার খুলে নেওয়া হতো সেখানে নিজের মোবাইল নম্বর লেখা একটি চিরকুট রেখে যেতেন।
পরবর্তীতে মিটারের মালিকরা যোগাযোগ করলে প্রতিটি মিটারের বিপরীতে সাত হাজার টাকা করে দাবি করতেন তিনি। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাওয়ার পর মিটার কোথায় রাখা আছে সেটি জানিয়ে দিতেন।
এমন একটি ঘটনায় মোয়াজ্জেম হোসেন নামে এক ব্যক্তি বাগমারা থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, গ্রেপ্তার রাশিদ হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.