
রাজশাহীর মোহনপুর উপজেলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আলাউদ্দিন (৬৫) নামে এক জামায়াত কর্মী নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
নিহত আলাউদ্দিনের ছেলে ইমরান নাজির শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মোহনপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিএনপির স্থানীয় সাত নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৪০–৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহনপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল আওয়াল জানান, রোববার দুপুরে মৃত আলাউদ্দিনের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর বিকেলে নিজ এলাকা সাঁকোয়ায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
মরহুমের জানাজার নামাজে ইমামতি করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সংগঠনের নায়েবে আমির ও রাজশাহী ১(গোদাগাড়ি-তানোর) আসন সংসদ সদস্য অধ্যাপক মজিবর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগমারা আসনের জামায়াত সংসদ সদস্য ডাঃ আ: বারী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, রাজশাহী মহানগর ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ।
পরিবার সূত্রে জানা গেছে, আলাউদ্দিন স্ত্রী, ছয় ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজার আগে সাঁকোয়া মোড়ে ‘শহীদ আলাউদ্দিন চত্বর’ ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোহনপুরের সাঁকোয়া এলাকায় ঈদের নামাজে ইমাম নির্ধারণকে কেন্দ্র করে মডেল মসজিদে মুসল্লিদের বৈঠকে আলাউদ্দিনের ছেলেদের সঙ্গে বিএনপির কিছু নেতাকর্মীর মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, এ সময় বিএনপির কর্মীরা আলাউদ্দিনকে ফেলে দিয়ে তার বুকের ওপর বসে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। মোহনপুর থানা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, আসামিদের শীঘ্রই গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হবে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.