
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নগর ইউনিয়ন জামায়াতের আমীর ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতিসহ উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে জামায়াত কর্মী সাব্বিরকে মারধরের অভিযোগ ওঠে। বিষয়টি মীমাংসার জন্য শনিবার সকালে ধানাইদহ বাজারে উভয় পক্ষের নেতাকর্মীদের নিয়ে সালিস বৈঠক হওয়ার কথা ছিল। সকাল ১০টার দিকে সালিসে যাওয়ার পথে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
পরে দুপুরের দিকে কয়েকটি বাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন নগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাসিনুর রহমান, রফিকুল ইসলাম, ইব্রাহিম খলিল সৈয়দ, সাইদুল, মনির, শাকিব, সাব্বির ও নাজমা খাতুন। অপরদিকে আহত হয়েছেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আছাব সরকার।
আহতদের মধ্যে মাওলানা হাসিনুর রহমানসহ দুজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। অন্যদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে।
নাটোর-৪ আসনে জামায়াতে ইসলামীর সাবেক প্রার্থী মাওলানা আব্দুল হাকিম অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতার অনুসারীরাই পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করে বড়াইগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনি বলেন, হামলায় জড়িতরা বিএনপির কেউ নয়। এটি রাজনৈতিক নয়, বরং সামাজিক বা ব্যক্তিগত বিরোধের জেরে ঘটেছে।
ঘটনার খবর পেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন এবং পুলিশ সুপার আব্দুল ওয়াহাব ঘটনাস্থল পরিদর্শন করেন।
নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাব বলেন, “ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে সালিস বৈঠকের কথা ছিল। সেখানে যাওয়ার পথে সংঘর্ষ শুরু হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.