
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, বাংলাদেশ যেন উঠে দাঁড়াতে না পারে—এমন ষড়যন্ত্র নির্বাচনের দিন পর্যন্ত চলবে। এ কারণে নেতাকর্মী ও ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধানের শীষের বিপক্ষে যে কোনো ষড়যন্ত্র প্রতিটি ভোটকেন্দ্রে রুখে দিতে হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ফারজানা শারমিন পুতুল বলেন, ভোটের দিন ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রের আশেপাশে অবস্থান করে ভোট রক্ষা করতে হবে। “আমাদের একটি-দুটি চোখ নয়, লক্ষ লক্ষ চোখ নিয়ে আমরা আমাদের ভোটকেন্দ্র পাহারা দেব,”—বলেন তিনি।
বিগত সময়ের বঞ্চনার কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনগণ তাদের নাগরিক অধিকার ও ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। মানবাধিকার ও আইনের শাসন লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে, যাতে মানুষ নিজেদের অধিকার নিয়ে কথা বলতে না পারে।
লালপুর-বাগাতিপাড়ার উন্নয়ন ও অধিকার আদায়ের প্রতিশ্রুতি দিয়ে বিএনপির এই প্রার্থী বলেন, এলাকায় নারী অধিকার ও যুবকদের কর্মসংস্থানের বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে কর্মমুখী করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
জনসভায় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর বাবু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ ভোটার।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.