
পাকশী বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা কার্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সেবাগ্রহণকারীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ দাবি এবং রেলওয়ে জমির লিজ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযোগের তীর উঠেছে ভূসম্পত্তি কর্মকর্তা শফিকুল ইসলামের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, আজিমনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন গোপালপুর বাজার এলাকায় নর্থ বেঙ্গল সুগার মিল সড়কের দক্ষিণ পাশে আব্দুস সামাদ নামে এক ব্যক্তি রেলওয়ে থেকে ২৪০ বর্গফুট জমি লিজ নিয়ে দুটি সেমিপাকা দোকান নির্মাণ করেন। পরবর্তীতে তার মৃত্যুর পর দীর্ঘদিন খাজনা বকেয়া থাকায় লিজ বাতিল এবং বকেয়া আদায়ের জন্য ওয়ারিশদের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা দায়ের ও জমি রেলওয়ের হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ সময় দোকান দুটি সিলগালা করা হয় বলে জানা যায়।
পরে নতুন করে লিজ দেওয়ার বিষয়ে মৌখিক ঘোষণা দেওয়া হলেও হঠাৎ করেই দোকান দুটি খুলে দেওয়া হয় এবং মৃত সামাদের ছেলে নিয়ামুল ও এনামুলের নামে লিজ দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, অনিয়ম ও উৎকোচের মাধ্যমে এ লিজ প্রদান করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নিয়ামুলের নামে নেওয়া ১২০ বর্গফুট দোকানে “ফয়সাল কম্পিউটার” এবং এনামুলের নামে নেওয়া দোকানে “জুয়েল কম্পিউটার” নামে সাইনবোর্ড রয়েছে। স্থানীয়দের অভিযোগ, রেলওয়ের বিধি অনুযায়ী এভাবে দোকান ভাড়া দেওয়া নিষিদ্ধ।
এ বিষয়ে নিয়ামুল সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
লিজের আবেদনকারী সৈয়দা আয়েশা সিদ্দিকা বলেন, তিনি রেলওয়ের ১২০ বর্গফুট জমি লিজ নেওয়ার জন্য আবেদন করেছিলেন।
স্থানীয় মডেল প্রেসক্লাবের সভাপতি মো. শাহ আলম সেলিম বলেন, নির্বাচনের পর জমি লিজ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও তার আগেই লিজ দেওয়ার অভিযোগ উঠেছে, যা দুঃখজনক।
ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।
অভিযোগের বিষয়ে পাকশী বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.