
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ছাত্র-ছাত্রী ও যুবকদের জন্য মাসে ১০ হাজার টাকা করে বেকার প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও জেলা বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনে এমন নেতৃত্বকে বেছে নিতে হবে, যারা দেশের স্বার্থ রক্ষায় বিদেশে বন্ধু খুঁজবে—কিন্তু কাউকে প্রভু হিসেবে মানবে না। যারা বাংলাদেশকে সবাইকে নিয়ে একটি সুন্দর ফুলের বাগান হিসেবে গড়ে তুলতে চায়, সেই শক্তির পক্ষেই জনগণকে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বে সরকার গঠিত হলে পুরো উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক অর্থনৈতিক ও শিল্প রাজধানীতে রূপান্তর করা হবে। ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দরকে সৈয়দপুর বিমানবন্দরের চেয়েও আধুনিক ও উন্নত করা হবে, যাতে শিল্পপণ্য দেশের বিভিন্ন অঞ্চলসহ বিদেশে রপ্তানি করা সম্ভব হয়। এ লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
বেকারত্ব প্রসঙ্গে জামায়াতে আমির বলেন, “আমরা আর বেকারত্ব দেখতে চাই না। যারা বর্তমানে বেকার রয়েছেন, তাদের উন্নত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে। প্রতিটি পরিবারকে একেকটি শিল্পকেন্দ্রে পরিণত করার লক্ষ্যেই আমাদের কর্মসূচি।”
তিনি বলেন, ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনেই জামায়াতে ইসলামীর প্রার্থী রয়েছে। জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে এই তিন প্রার্থীকে নির্বাচিত করার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
বক্তব্যের শেষে তিনি ঠাকুরগাঁওয়ের তিনটি আসনের সংসদ সদস্য প্রার্থীদের হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন এবং সবার সহযোগিতা কামনা করেন।
জনসভায় জেলা জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি সিগবাতুল্লাহ সিগবা, রাকসুর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.