
নওগাঁর রাণীনগর উপজেলায় আগুনে দগ্ধ অবস্থায় বাসন্তী রানী (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার হরিপুর গ্রামের শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত বাসন্তী রানী ওই গ্রামের প্রবাসী উৎপল চন্দ্রের স্ত্রী। তার অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় নানা গুঞ্জন ও জল্পনা-কল্পনা শুরু হয়েছে। নিহতের স্বজনদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যার পর আগুনে পুড়িয়ে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে।
বাসন্তীর শ্বশুর কৃষ্ণবন্ধু চন্দ্র ওরফে মুন্টু জানান, সোমবার সকালে পরিবারের সবাই আলু তোলার কাজে মাঠে ছিলেন। বাড়িতে একাই ছিলেন বাসন্তী। বেলা সাড়ে ১০টার দিকে বস্তা নেওয়ার কথা জানাতে বউমার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও সাড়া না পাওয়ায় তারা বাড়িতে ফিরে আসেন। তখন রান্নাঘরের চুলার পাশে বাসন্তীর দেহ আগুনে দগ্ধ অবস্থায় দেখতে পান। প্রতিবেশীদের ডাকা হলেও ততক্ষণে তার শরীর পুরোপুরি পুড়ে যায়। তিনি ধারণা করেন, রান্নার সময় চুলায় খড়ি ব্যবহার করতে গিয়ে দুর্ঘটনাবশত আগুন ধরে এ ঘটনা ঘটতে পারে।
অন্যদিকে নিহতের ছোট বোন লক্ষ্মী রানী বলেন, কয়েক মাস আগে বাসন্তীর শাশুড়ি মারা যাওয়ার পর তিন বছরের এক কন্যা সন্তান নিয়ে শ্বশুরের সঙ্গে বাড়িতে থাকতেন তিনি। তার স্বামী উৎপল চন্দ্র কুয়েতে অবস্থান করছেন। পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই মনোমালিন্য ও ফোনে কথা কাটাকাটি হতো। রোববার মোবাইল ফোনে বাসন্তী বাবার বাড়িতে যাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন। “আজ সেই বোনের লাশ দেখতে হচ্ছে,”—কান্নাজড়িত কণ্ঠে বলেন তিনি।
বাসন্তীর মামা গোপেশ চন্দ্র দাবি করে বলেন, “আমার ভাগনি আগুনে পুড়ে মারা যায়নি। তাকে হত্যার পর আগুনে পোড়ানো হয়েছে। আগুন লাগলে মানুষ বাঁচার জন্য ছটফট করে, কিন্তু লাশের অবস্থায় তেমন কোনো আলামত দেখা যায়নি।” তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানান।
রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলু চন্দ্র পাল বলেন, আগুনে দগ্ধ অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.