
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহী নেকমরদ হাট এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠা দুটি পাকা দোকানঘর বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নেকমরদ এলাকার আশরাফুল ইসলাম বাদী হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, নেকমরদ এলাকার সার ব্যবসায়ী ও রাসায়নিক সারের পরিবেশক খাইরুল ইসলাম জেলা প্রশাসনের লাইসেন্স নীতিমালা লঙ্ঘন করে সরকারি জায়গায় নির্মিত দুটি দোকান প্রায় ৬০ লাখ টাকায় বিক্রি করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নেকমরদ বাজার এলাকায় ‘ইমরান ট্রেডার্স’-এর মালিক খাইরুল ইসলাম নামে–বেনামে একাধিক দোকানের জায়গা দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করেন। পরে প্রশাসনের নজর এড়িয়ে সেসব দোকান বেচাকেনা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
নেকমরদ ভূমি অফিসের তথ্য অনুযায়ী, বাজার এলাকায় প্রায় ৬০টি দোকান জেলা প্রশাসনের তালিকাভুক্ত। তবে আলোচিত দুটি দোকান সরকারি তালিকাভুক্ত কিনা সে বিষয়ে নিশ্চিত নন ইউনিয়ন ভূমি কর্মকর্তা জহুরুল ইসলাম।
সোমবার (১৯ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, অভিযোগকৃত স্থানে একটি বড় জায়গাজুড়ে দোতলা পাকা ভবনে বর্তমানে বস্ত্রালয়ের দোকান চলছে। দোকানের পরিচালক আব্দুল মোমিন জানান, তিনি অনেক আগে খাইরুল ইসলামের কাছ থেকে দোকানটি কিনেছেন, তবে ক্রয়মূল্য সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
একইভাবে আরেকটি দোকানে বর্তমানে একটি ওষুধের দোকান পরিচালিত হচ্ছে। দোকানের পরিচালক আজিমুল ইসলাম জানান, তিনি দোকানটি খাইরুল ইসলামের ভাগিনার কাছ থেকে কিনেছেন। তবে কত টাকায় কিনেছেন, সে তথ্য জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দা হামিদুর রহমান ও নবাব আলী অভিযোগ করে বলেন, সার ব্যবসায়ী খাইরুল ইসলাম নেকমরদ বাজারে রাজনৈতিক দলের কিছু নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের ম্যানেজ করে সরকারি জায়গা দখল করে দোকান ও গোডাউন নির্মাণ করেছেন। ইতোমধ্যে তিনি কয়েকটি দোকান বিক্রি করেছেন এবং এখনও বড় জায়গা দখলে রেখে দুটি গোডাউন পরিচালনা করছেন বলেও অভিযোগ তাদের।
স্থানীয়রা বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে খাইরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোনে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে প্রতিবেদকের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার আগ্রহ প্রকাশ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান বলেন, “লাইসেন্সপ্রাপ্ত দোকানঘর বিক্রির কোনো সুযোগ নেই। আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.