
বিনা নোটিশে ও আইনবহির্ভূতভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মতো অনিয়ম আর করা হবে না—এই লিখিত অঙ্গীকারের মধ্য দিয়ে জেলা লিগ্যাল এইড কার্যালয়ে আপোষে নিষ্পত্তি হয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ঠাকুরগাঁও বিক্রয় ও বিতরণ বিভাগ এবং এক বিদ্যুৎ গ্রাহকের দীর্ঘদিনের বিরোধ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড অফিসে অনুষ্ঠিত শুনানিতে উভয় পক্ষের সম্মতিতে আপোষনামায় স্বাক্ষরের মাধ্যমে বিষয়টির আইনি নিষ্পত্তি হয়।
শুনানিতে ঠাকুরগাঁও চিফ লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ মজনু মিয়ার উপস্থিতিতে নেসকো কর্তৃপক্ষ স্বীকার করে যে, বিদ্যুৎ আইনে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ ছাড়া কোনো গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যায় না। একই সঙ্গে অভিযোগকারী গ্রাহকের ক্ষেত্রে ভবিষ্যতে কোনো ধরনের হয়রানি, অসদাচরণ কিংবা আইনবহির্ভূত পদক্ষেপ নেওয়া হবে না—এ মর্মে লিখিত অঙ্গীকার করা হয়।
শুনানিতে নেসকোর ঠাকুরগাঁও বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম উপস্থিত না থেকে তার প্রতিনিধি হিসেবে উচ্চমান সহকারী মনাইউন ইসলাম অংশ নেন। শুনানির এক পর্যায়ে নেসকো পক্ষ স্বীকার করে যে, বিনা নোটিশে সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ আইনসঙ্গত নয় এবং এ ধরনের কর্মকাণ্ড গ্রাহকের অধিকার পরিপন্থী।
লিগ্যাল এইড কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সম্পাদিত এই আপোষের মাধ্যমে অভিযোগকারী গ্রাহক স্থায়ীভাবে হয়রানি থেকে মুক্তি পেয়েছেন বলে অফিস সূত্রে জানানো হয়।
চিফ লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) মজনু মিয়া বলেন, “কোনো গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিনা নোটিশে বিচ্ছিন্ন করা আইনসিদ্ধ নয়। শুনানিতে উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করে আইন অনুযায়ী স্থায়ী সমাধান করা হয়েছে।”
তিনি আরও বলেন, “লিগ্যাল এইডের মূল উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়; বরং কম সময় ও কম খরচে সাধারণ মানুষ যেন ন্যায়বিচার পায়, সেটি নিশ্চিত করা। এই ঘটনা প্রমাণ করে—আইনের আশ্রয় নিলে সাধারণ মানুষও বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিজের অধিকার আদায় করতে পারে।”
এ বিষয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলামের বক্তব্য জানতে ফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
ঘটনার সূত্রপাত হয় ঠাকুরগাঁও পৌরসভার হাজীপাড়া এলাকার বাসিন্দা ফিরোজ জামানের বিদ্যুৎ সংযোগ নিয়ে। তিনি অভিযোগ করেন, সব নিয়ম মেনে বৈধভাবে সংযোগ পাওয়ার কয়েক দিনের মধ্যেই কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে তিনি ও তার পরিবার চরম ভোগান্তিতে পড়েন।
সংযোগ বিচ্ছিন্নের কারণ জানতে নেসকো অফিসে গেলে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ার পাশাপাশি তার সঙ্গে অসদাচরণ ও মামলা করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরবর্তীতে কোনো সমাধান না পেয়ে তিনি জেলা লিগ্যাল এইড কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। সংবাদ প্রকাশ ও লিগ্যাল এইডে অভিযোগ দায়েরের পরপরই নেসকো কর্তৃপক্ষ অভিযোগকারীর বাড়িতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করে।
ভুক্তভোগী ফিরোজ জামান বলেন, “আমি একজন সাধারণ মানুষ। লিগ্যাল এইড ও গণমাধ্যমের সহায়তা না পেলে হয়তো ন্যায্য অধিকার আদায় করা সম্ভব হতো না। আপোষের মাধ্যমে স্থায়ী সমাধান হওয়ায় আমি স্বস্তি পেয়েছি।”
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.