
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের নারী ভোটারদের জন্য রাজশাহীতে বিশেষ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজশাহী মহিলা কলেজের অডিটোরিয়াম ও রাজশাহী কলেজের শিক্ষক মিলনায়তনে পৃথকভাবে এ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবা ফারজানা বলেন, “গণভোট ও নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ধারণে তরুণ ও প্রথমবারের ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি গণভোটের প্রসঙ্গে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পরিবর্তনের চাবিকাঠি এখন আপনাদের হাতে। যে জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা পরিবর্তনের জন্য লড়াই করেছি, সেই সংস্কার বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি।”
তিনি আরও বলেন, এ বিষয়ে নিজের পাশাপাশি আশপাশের মানুষদের সচেতন করার দায়িত্বও তরুণদের নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আকতার, রাজশাহী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সারোয়ার জাহান এবং রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে নারী ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তারা আসন্ন গণভোটে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারণা অনুষ্ঠানে রাজশাহী মহিলা কলেজ ও রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা গণভোট ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে পারেন। এ সময় তরুণ ভোটাররা গণতন্ত্র ও সংস্কারের স্বার্থে প্রথম গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.