
জুলাই আন্দোলনের মুখে দীর্ঘ ১৫ বছরের আওয়ামী লীগের শাসনের অবসানের পর দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রী-এমপিদের একটি বড় অংশ। তবে ক্ষমতা হারালেও আওয়ামী লীগের একটি অংশ দেশে ও বিদেশে থেকে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ষড়যন্ত্রে স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে একটি সংঘবদ্ধ ‘গুপ্ত এজেন্ট’ চক্র।
বিশ্বস্ত সূত্রের দাবি অনুযায়ী, নাটোর জেলার বিভিন্ন এলাকায়—বিশেষ করে নাটোর-২ আসনে—এই চক্রটি সক্রিয়ভাবে কাজ করছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ভিন্ন নামে আইডি খুলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অনেকেই পুরোনো আইডির তথ্য মুছে নতুন ছদ্মনামে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও টেলিগ্রামের মাধ্যমে সংগঠিত হচ্ছে।
সূত্র জানায়, এসব এজেন্ট নিয়মিতভাবে পলাতক আওয়ামী লীগের হাই কমান্ডের সঙ্গে দেশ-বিদেশে যোগাযোগ রাখছে। একই সঙ্গে তারা ফ্যাসিবাদের পক্ষে ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বক্তব্য ছড়িয়ে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের কর্মসূচিতে কৌশলে অংশ নিচ্ছে। অভিযোগ রয়েছে, পরিচয় গোপন রেখে প্রশাসনের সঙ্গেও তাদের যোগাযোগ ও সাক্ষাৎ হচ্ছে।
নলডাঙ্গা ও নাটোর সদর উপজেলায় কথিত মানবাধিকার ও নামসর্বস্ব সংগঠনের আড়ালে আওয়ামী লীগ পুনর্বাসনের কার্যক্রম চালানো হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। ইতোমধ্যে নলডাঙ্গায় আওয়ামী যুবলীগের একাধিক নেতা-কর্মী, মহিলা লীগ ও সহযোগী সংগঠনের সদস্যদের নিয়ে গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলেও দাবি করা হয়।
এছাড়া বিএনপি ও জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সদস্য ও বিশেষ এজেন্টদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। অভিযোগ রয়েছে, কৌশলে ‘হাইব্রিড’ পরিচয়ে তারা বিএনপির অভ্যন্তরীণ গ্রুপ ও গোপন যোগাযোগ চ্যানেলেও অনুপ্রবেশ করেছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, নলডাঙ্গায় রেলে নাশকতা, ককটেল ও পেট্রোল বোমা হামলার চেষ্টা, ইন্টারনেট সেবা বন্ধ এবং জাল টাকা সংশ্লিষ্ট ঘটনাগুলোর পেছনে এই চক্র জড়িত। এছাড়া নলডাঙ্গা উপজেলার মাধনগর বাজার, কলেজ, বিদ্যালয়, সড়ক ও ইউনিয়ন পরিষদ এলাকায় দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লেখা হয়েছে।
সরেজমিনে গিয়ে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বাজেহালতি ব্রিজসহ বিভিন্ন স্থাপনায় লাল ও কালো রঙে লেখা এসব স্লোগান চোখে পড়ে।
সাম্প্রতিক সময়ে সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে নলডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপির একাধিক সাবেক ও বর্তমান নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হলেও বিএনপি নেতাকর্মীদের অভিযোগ আমলে নেওয়া হচ্ছে না।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নাশকতাকারীদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
নলডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. এরশাদ আলী জানান, “নির্বাচন উপলক্ষে ৬৬৩ জন আনসার সদস্য মোতায়েন থাকবে, এর মধ্যে ১৫৩ জন অস্ত্রধারী। প্রতিটি কেন্দ্রে তিনজন করে অস্ত্রধারী আনসার থাকবে।”
নলডাঙ্গা থানার ওসি মো. নূরে আলম বলেন, “নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।”
উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ফরমাজুল ইসলাম বলেন, “নিয়মিত কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ চলছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আল এমরান খাঁন বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.