
রাজশাহী মহানগরীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় নাশকতা মামলার আসামিসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আরএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে এ গ্রেপ্তার কার্যক্রম পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জন মাদক মামলার আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত ৭ জন রয়েছেন।
অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এর অভিযানে গ্রেপ্তার নাশকতা মামলার আসামি আব্দুল হানিফ (৩৬)। তিনি আওয়ামী লীগের সমর্থক বলে পুলিশ জানিয়েছে। হানিফ আরএমপির কর্ণহার থানার শরিষাকুড়ি পশ্চিমপাড়া এলাকার হযরত আলীর ছেলে।
এ বিষয়ে আরএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকল আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.