
রাজশাহীর মোহনপুর উপজেলায় ফসলি জমিতে পুকুর খননে বাধা দেওয়ায় এক কৃষককে এক্সকাভেটরের চাকার নিচে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম আহমেদ জোবায়ের (২৫)। তিনি বড় পালশা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে এক্সকাভেটরের চালক আবদুল হামিদকে আটক করে। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বড় পালশা গ্রামের মাঠটি সম্পূর্ণ আবাদি জমি। সেখানে আগে কখনো বাণিজ্যিকভাবে পুকুর খনন করা হয়নি। বুধবার রাতে গোপনে পুকুর খননের জন্য একটি এক্সকাভেটর নামানো হয়েছে-এমন খবর পেয়ে মসজিদের মাইক থেকে মোয়াজ্জিন আবদুল মান্নান ঘোষণা দেন। এরপর গ্রামবাসী মাঠের দিকে ছুটে যান।
প্রথমে জোবায়েরসহ সাত থেকে আটজন পুকুর খননের প্রতিবাদ জানান। এ সময় চালক আবদুল হামিদ দ্রুত এক্সকাভেটরের বাকেট চারপাশে ঘোরাতে থাকেন। এতে ধাক্কা লেগে জোবায়ের মাটিতে পড়ে যান। পরে পালানোর চেষ্টা করতে গিয়ে চালক এক্সকাভেটর চালিয়ে জোবায়েরের শরীরের ওপর তুলে দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর ক্ষুব্ধ শতাধিক গ্রামবাসী মাঠে নেমে এসে চালক আবদুল হামিদকে আটক করেন এবং এক্সকাভেটরে আগুন ধরিয়ে দেন। এ সময় পুকুর খননের উদ্যোক্তা হিসেবে অভিযুক্ত ধুরইল ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আনিসুজ্জামান (বকুল) মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এলাকাবাসীর তোপের মুখে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে তার মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনে পোড়া মোটরসাইকেল ও এক্সকাভেটরের নিচে জ্বলন্ত চিহ্ন পড়ে রয়েছে। ঘটনাস্থলে ভিড় করেন অসংখ্য মানুষ।
এ বিষয়ে ধুরইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার বলেন, পুকুর খননের সঙ্গে আনিসুজ্জামান জড়িত বলে তিনি শুনেছেন। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, ভেকুর বাকেটের আঘাতে একজন নিহত হয়েছেন। নিহতের বাবা বৃহস্পতিবার থানায় এসে সাতজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, এক্সকাভেটর চালক আবদুল হামিদ বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.