
নাটোরে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কার্যালয় ঘেরাও ও অবরোধ করে উত্তেজিত ছাত্র জনতা। সোমবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি সন্ধ্যার পর আরও তীব্র আকার ধারণ করে। রাতের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সকাল থেকে কিছু সংখ্যক শিক্ষার্থী নেসকোর সামনে অবস্থান নিলেও সন্ধ্যার পর সাধারণ মানুষও যুক্ত হয়ে শত শত মানুষ অবরোধে অংশ নেয়। এসময় অবরোধকারীরা সড়কে ক্রিকেট খেলাসহ নানা কর্মসূচি পালন করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়তে থাকে এবং আন্দোলনকারীরা নেসকো অফিসের দরজা ভেঙে প্রবেশের হুমকি দেন।
আন্দোলনকারীরা রাত ৮টার দিকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ১ ঘণ্টার আল্টিমেটাম দেন। নির্ধারিত সময় শেষে উত্তেজনা চরমে উঠলে রাত সাড়ে ৯টার দিকে কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্যে জেলা প্রশাসক আসমা শাহীন ঘটনাস্থলে পৌঁছান। এসময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিস্থিতি শান্ত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়—নাটোর শহরের প্রতিটি ওয়ার্ড থেকে একজন প্রতিনিধি, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি মন্ত্রণালয় ও নেসকোর প্রধান কার্যালয়ে গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উদ্যোগ নেবে। প্রশাসনের এ আশ্বাসের পর উত্তেজিত ছাত্র জনতা অবরোধ তুলে নেয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, “আপনাদের দাবি আমরা মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে দিয়েছি। আলোচনার জন্য একটি কমিটি করা হচ্ছে। প্রয়োজন হলে কমিটির সদস্যদের যাতায়াতে গাড়ির ব্যবস্থাও করে দেওয়া হবে।”
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “শুরু থেকেই বিষয়টি আমাদের নজরে আছে। শিক্ষার্থীদের নিয়ে গঠিত কমিটিই এখন আলোচনার মাধ্যমে সমাধানের পথ অনুসন্ধান করবে।”
আন্দোলনকারীরা জানান, প্রায় এক বছর ধরে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন তারা। নেসকোর অস্বচ্ছ বিলিং, অতিরিক্ত চার্জ, মিটারজনিত ঝামেলা ও নানা অনিয়মে ভুগছে নাটোরের সাধারণ মানুষ। আগেও তারা নেসকো অফিস ঘেরাও, প্রশাসনের সাথে একাধিক বৈঠক করলেও কোনো সমাধান হয়নি।
অবরোধ শেষে আন্দোলনকারীদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়। একইসঙ্গে নেসকো ঘেরাওয়ের উদ্দেশ্যে আনা বাঁশ, টায়ার ও ব্লকেড পুলিশ সদস্যরা সরিয়ে দেয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.