রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের আবারও পাঁচ দিনের রিমান্ড
- আপডেট সময় : ০২:৫৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ২৫৪ বার পড়া হয়েছে

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের আবারও পাঁচ দিনের রিমান্ড
পূর্বের রিমান্ড শেষে আদালতে হাজির; নতুন করে সাত দিনের আবেদন, পাঁচ দিন মঞ্জুর
রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন হত্যা ও বিচারকের স্ত্রীকে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার লিমন মিয়া (৩৪)-র আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন আদালত-৫ এর বিচারক আশিকুর রহমান পুলিশের আবেদনের পর এই রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপক্ষ জানান, পাঁচ দিনের রিমান্ড শেষে লিমনকে আবার আদালতে হাজির করা হলে রাজপাড়া থানা পুলিশ সাত দিনের নতুন রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৩ নভেম্বর দুপুরে ডাবতলা এলাকায় ভাড়া বাসায় প্রবেশ করে বিচারকের ছেলে সুমনকে ছুরিকাঘাতে হত্যা এবং বিচারকের স্ত্রী তাসমিন নাহারকে (৪৪) গুরুতর আহত করে লিমন মিয়া। পুলিশ আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে বিচারক নিজেই বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা করেন। সেই মামলায় লিমনকে ফের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।




















