‘১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না’- পঞ্চগড়ে ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন
- আপডেট সময় : ০৩:০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ৩০১ বার পড়া হয়েছে

‘১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না’- পঞ্চগড়ে ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন
ধর্ম মন্ত্রণালয়ের দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে আপ্রাণ চেষ্টা করেছি, হজ ব্যবস্থায় এসেছে ইতিবাচক পরিবর্তন
ধর্ম বিষয়ক উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে ১৫ মাসে আমার অনেক সফলতা রয়েছে। তবে কিছু কাজ বাকি আছে- কারণ ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না। তারপরও আমি আপ্রাণ চেষ্টা করেছি। এখন আমরা একটি ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট প্রশাসন গড়ে তুলতে পেরেছি।”
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় শহরের জালাসী এলাকায় দারুন উলুম মদিনাতুল ইসলাম মাদরাসা মাঠে অনুষ্ঠিত “আজিমুশান শানে রিসালাত” সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, “আমাদের সরকারের বয়স ১৫ মাস। এই সময়ের মধ্যে হজ ব্যবস্থাপনায় বড় পরিবর্তন এনেছি। যেসব মডেল মসজিদ নির্মাণে অনিয়ম বা দুর্নীতি হয়েছে, সেগুলোর জন্য আমরা শক্তিশালী কমিটি গঠন করেছি। দ্রুতই তারা তদন্ত রিপোর্ট দেবে।”
তিনি আরও জানান, “ইসলামিক ফাউন্ডেশনের কিছু অনিয়মের বিষয়ে সাবেক এক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে। সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হজযাত্রীদের ৩৯ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে, যা আগে এজেন্সিগুলোর নামে সৌদি আরবে ছিল।”
দুর্নীতি বিষয়ে ড. খালিদ হোসেন বলেন, “আমার মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই। আমি নিজেও দুর্নীতিমুক্ত, এবং আমার কর্মকর্তারাও যেন সেই নীতিতে কাজ করেন, সে বিষয়ে আমি কঠোরভাবে সচেষ্ট।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আব্দুল হাই, সহসভাপতি ক্বারী মুহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক সৈয়দ সুলতান মাহমুদ, এবং খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন।
এর আগে ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তৌহিদী জনতার পক্ষ থেকে ওলামায়ে কেরামগণ ১২ দফা দাবি সংবলিত স্মারকলিপি তাঁর হাতে তুলে দেন।




















