হাসিনার অপকর্মে বায়তুল মোকাররম মসজিদের খতিবকে পালাতে হয়েছে- মির্জা ফখরুল
আওয়ামী লীগ সরকারের দমননীতি ও অপকর্মের কারণে দেশের ধর্মীয় নেতারাও নিরাপদ নন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,
“আওয়ামী লীগ এমন অপকর্ম করেছে যে, বায়তুল মোকাররম মসজিদের খতিবকেও পালিয়ে যেতে হয়েছে। এমনকি তারা মসজিদে ঢুকে ইমাম পরিবর্তন করেছে এবং খুতবাও পর্যন্ত নিজেরা লিখে দিয়েছে।”
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শিবদীঘি মাইক্রো ইস্ট্রান এলাকায় উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, “আমি বারবার হাসিনাকে বলেছি-মানুষের উপর এত অত্যাচার করবেন না, ভোটাধিকার ফিরিয়ে দিন। কিন্তু তিনি তা করেননি। এখন জনগণ গণভবনের দিকে রওনা হয়েছে, আর হাসিনা উড়াল দিয়ে পালিয়ে গেছে। আওয়ামী লীগ দেশটাকে শেষ করে দিয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা এমন কোনো পরিস্থিতি তৈরি করবো না যেখানে মানুষের কাছে দাঁড়ানো যাবে না। বিএনপি একটি পরীক্ষিত দল-সংস্কারের মধ্য দিয়েই এর জন্ম। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন জেল খেটেছেন, কিন্তু অন্যায়ের সঙ্গে আপস করেননি।”
তারেক রহমানের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন,
“ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তিনি ফিরলে জনগণ জনসমুদ্র তৈরি করবে।”
হিন্দু সম্প্রদায় সম্পর্কেও তিনি বলেন, “এবার হিন্দু ভাইয়েরাও বুঝেছেন-তাদের এতদিনের সিদ্ধান্ত ভুল ছিল। তাই হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেবে।”
বিএনপি সরকারে এলে কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যদি জনগণের ভোটে সরকার গঠন করতে পারি, তাহলে ১৫ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবো, ইনশাআল্লাহ।”
জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, “আমরা যা বলেছি, তা তারা যদি লিখে রাখে-তাহলে আগামীকালই জানতে পারবেন বিএনপি স্বাক্ষর করবে কি না। এত অস্থির হবেন না, একটু টেনশন থাকা ভালো। একদল বলে পি.আর না হলে স্বাক্ষর করবে না। কিন্তু আসলে পি.আর কী, এখানে কে বুঝে? আপনি ভোট দেবেন, কিন্তু আপনার এমপি কে হবে জানবেন না-এটাই পি.আর!”
পথসভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ জাহিদুর রহমান, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা কামাল আনোয়ার আহাম্মেদ, সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, রাণীশংকৈল উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, পীরগঞ্জ উপজেলা বিএনপির সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, জেলা পৌর সভাপতি শরিফুল ইসলাম, উপজেলা পৌর সম্পাদক মহশিন আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.