মান্দায় সাক্ষীকে আসামি বানিয়ে আদালতে পুলিশের চার্জশিট
নওগাঁর মান্দায় মানব পাচারের পৃথক তিনটি মামলার সাক্ষী ও তাঁর প্রবাসী স্বামীকে আসামি করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।
মামলার বাদিদের অভিযোগ-তদন্ত কর্মকর্তা মান্দা থানার উপপরিদর্শক (এসআই সাহিদুল ইসলাম) তাঁদের কাছে ঘুষ দাবি করেছিলেন। দাবিকৃত টাকা পুরো না দেওয়ায় সাক্ষীকেই আসামি করে চার্জশিট দাখিল করেন তিনি।
এ ঘটনায় বাদিদের মধ্যে চরম ক্ষোভ ও ন্যায়বিচার নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
২০২৪ সালের ২২ মার্চ নওগাঁর মান্দা ও নিয়ামতপুর উপজেলার ৯ জন যুবক ‘জেএস ইস্কারশনস’ নামের একটি ট্রাভেলস এজেন্সির মালিক যতন সূত্রধর–এর মাধ্যমে কিরগিস্থান যান।
সেখানে পৌঁছে দালালচক্র তাঁদের আটক করে নির্যাতন চালায় এবং আরও টাকার দাবি করে। প্রায় ৩ মাস আটক থাকার পর, যতনের ছেলে রাহুল সূত্রধরের হাতে প্রত্যেকে ১ লাখ ৮০ হাজার টাকা দিয়ে দেশে ফেরেন তারা।
ভুক্তভোগী হাসান আলী বলেন, “মাত্র ২ দিনের ভিসায় আমাদের কিরগিস্থানে পাঠানো হয়েছিল। বৈধ কাগজপত্র না থাকায় অমানুষিক নির্যাতন সহ্য করতে হয়েছে। পরে বাড়িতে ফোন দিয়ে টাকা দেওয়ার পর দেশে ফেরত আসতে পারি।”
মামলার বাদি হোসেন আলী জানান, “আমার দুই ভাইকে চাকরি দেওয়ার নামে কিরগিস্থানে নিয়ে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় আমি মানব পাচার আইনে মামলা করি। একই ঘটনায় আরও তিনটি মামলা করেন অন্য ভুক্তভোগীরা।”
তিনি আরও বলেন, “তিনটি মামলার তদন্ত করেন এসআই সাহিদুল ইসলাম। তিনি ২ লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে ৬০ হাজার টাকা দেওয়ার পরও সাক্ষী সুলতানাকে আসামি বানিয়ে চার্জশিট দেন। অথচ আমাকে কিছুই জানানো হয়নি। সাক্ষী সুলতানার স্বামী সৌদি প্রবাসি ফিরোজ আলীকেও আসামি করা হয়েছে।
মামলার তৃতীয় আসামি রাহুল সূত্রধর প্রাপ্তবয়স্ক হলেও তাকে শিশু দেখিয়ে অব্যাহতি দেওয়া হয়েছে।”
মামলার সাক্ষী মোছা. সুলতানা বলেন, “আমার উপস্থিতিতে ভুক্তভোগীরা যতন সূত্রধর ও তার সহযোগীদের টাকা দিয়েছিল। সেই কারণেই সাক্ষী হিসেবে আমার নাম দেওয়া হয়। কিন্তু টাকা না পেয়ে এসআই সাহিদুল ইসলাম আমাকে ও আমার প্রবাসী স্বামীকেও আসামি বানিয়েছেন।”
অভিযোগ অস্বীকার করে তদন্ত কর্মকর্তা এসআই সাহিদুল ইসলাম বলেন, “তদন্তে সুলতানা ও তাঁর স্বামীর সম্পৃক্ততা পাওয়া গেছে বলেই চার্জশিটে তাঁদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। রাহুল সূত্রধর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁকে অব্যাহতির সুপারিশ করেছি।”
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.